অভিভাবক সমাবেশ
শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিকাশই একটি আদর্শ শিক্ষাব্যবস্থার মূল ভিত্তি—এমন মন্তব্য করেছেন দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান, পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা-৪ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে দারুল আমান ট্রাস্টের ব্যবস্থাপনায় পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার বার্ষিক অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফ ও সহকারী শিক্ষক ফয়সাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা শুধু ধর্মীয় শিক্ষায় নয়, সামগ্রিক মানবিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের চরিত্র গঠনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সমাজে নৈতিকতা, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্ম দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত হবে।
